এক শর্তে মুস্তাফিজকে ‘পুরো আইপিএলের জন্য’ এনওসি দিল বিসিবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি করে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স (কেরেকআর)। তবে আইপিএলের পুরো মৌসুমে মুস্তাফিজকে দলে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী বছরের এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলোর জন্য আইপিএলের মাঝেই আট দিনের জন্য দেশে ফিরবেন মুস্তাফিজ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো আসরে অংশ নেওয়ার জন্য কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র (এনওসি) দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মাঝপথে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ খেলতে আট দিনের জন্য দেশে ফিরতে হবে এই বাঁহাতি পেসারকে। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
মঙ্গলবার আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোন ক্রিকেটারের এটাই সর্বোচ্চ মূল্য। তাকে দলে পেতে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসও চেষ্টা চালিয়েছিল। বিশেষকরে চেন্নাইর প্রবল চেষ্টা ছাপিয়ে এই পেসারকে রেকর্ড মূল্যে দলে নেয় কলকাতা।
তবে তখন থেকেই আলোচনা ছিল আইপিএলে পুরো আসর খেলতে পারবেন কি-না মুস্তাফিজ। কারণ একই সময় নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণ সিরিজ খেলবে টাইগাররা। তবে বিষয়গুলো খোলাসা করে ফাহিম বলেন, ‘মুস্তাফিজকে আমরা পুরো আইপিএলের জন্য এনওসি দিয়েছি।’
পুরো সিরিজের জন্য দিলেও মাঝে ফিরতে হবে মুস্তাফিজকে। ফাহিম বলেন, ‘শুধু নিউজিল্যান্ড সিরিজে যে তিনটি ওয়ানডে ম্যাচ আছে, সেখানে সে জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে।’ তার কথায়, ওই সিরিজ খেলতে মোস্তাফিজকে মোট আট দিনের জন্য আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে।

0 Comments